

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম: চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবকে প্রবাসের মাটিতে তুলে ধরতে আগামী ১ নভেম্বর ২০২৬, রবিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে মেফেয়ার ভেন্যু, রমফোর্ড রোড, পূর্ব লন্ডনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে চট্টগ্রাম উৎসব ২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উৎসব কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মদ আলী রেজা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেইন, কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণি, গিয়াস উদ্দিন, অনুপম সাহা, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, শওকত ওসমান, নাবিল রহমান, সাইফুল ইসলাম, মুহাম্মদ কায়সার ও আলিম উল্লাহ রাহাতসহ আরও অনেকে।
লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, চট্টগ্রাম উৎসব কেবল একটি বার্ষিক সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব, ব্যবসা-বাণিজ্য এবং ঐতিহ্যবাহী মেজবান সংস্কৃতিকে ধারণ ও উদযাপনের একটি সম্মিলিত প্রয়াস। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের শেকড় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকরা জানান, সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আগামী ১ নভেম্বরের চট্টগ্রাম উৎসব ২০২৬-কে একটি নিরাপদ, সর্বজনীন ও স্মরণীয় আয়োজনে পরিণত করতে চান তারা।
এ লক্ষ্যে যুক্তরাজ্যের সকল চট্টগ্রামভিত্তিক সংগঠন, কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
উৎসবের দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করার জন্য যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামবাসীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।