হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় পথে চলাচলের সময় সাগরে পেতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সুপারট্যাংকার ডুবে গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় জাহাজ দুটি সাগরে পেতে রাখা মাইনে আঘাত হানে। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া সুপারট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়। জাহাজটির ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালি নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেখানে মাইন পেতে রাখার বিষয়টিও অস্বীকার করছে না তেহরান। একই সঙ্গে প্রণালি দিয়ে চলাচলকারী দেশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করে চলার শর্ত দিয়েছে দেশটি। ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ হিসেবে শুধু ইরান ও ওমানেরই এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অবস্থানের তীব্র বিরোধিতা করছে। প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধই চলমান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code