

ডেস্ক রিপোর্ট: টানা দুই মাস ধরে চলা অবরোধ কর্মসূচির মধ্যে প্যারিসের ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্সের পুলিশ। রোববার জারি করা এক আদেশে বলা হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অনুমতি ছাড়া কোনো জমায়েত বা মিছিল করা যাবে না। শ্রেণিকক্ষের নিম্নমানের পরিবেশ ও অবকাঠামোর প্রতিবাদে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের প্রবেশপথ অবরোধ শুরু করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে আন্দোলনটি ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের পাশাপাশি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচির সঙ্গেও শিক্ষার্থীদের আন্দোলন যুক্ত হয়। পুলিশের নিষেধাজ্ঞার আওতায় প্যারিসের প্রায় ১৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০টি এবং সরবোন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদসহ পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্যারিসের পুলিশপ্রধান প্যাট্রিস ফোর এক আদেশে বলেন, ‘প্যারিস ও এর আশপাশের অঞ্চলের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে চলা সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ব্যাপক বিঘ্ন ও অবরোধের ঘটনা ঘটছে। এসব কর্মসূচিতে সহিংসতার ঘটনাও ঘটেছে। এ কারণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন হয়েছে।’ তিনি জানান, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। পুলিশপ্রধান আরও বলেন, মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে অবরোধ কর্মসূচি সাধারণত শিক্ষার্থীদের একটি ক্ষুদ্র অংশই পরিচালনা করছে। তাদের কারণে অন্য শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারছে না।