

রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতি রঞ্জন সাহাকে (৭০) শুক্রবার দিবাগত রাত দেড়টায় দুর্র্বৃত্তরা কুপিয়ে আহত করেছে।ওই সময় দুর্বৃত্তরা তাঁর মাথায় ও শরীরের কুপিয়ে আহত অবস্থায় সড়কের পাশে গর্তে ফেলে রেখে যায়।খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত প্রীতি রঞ্জন সাহা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের নিতেন্দ্র কুমার সাহার ছেলে।তিনি নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে প্রীতম সাহা।
পরিবার সূত্রে জানা যায়, প্রীতি রঞ্জন সাহা গতকাল মধ্যরাতে ট্রেনে করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।নরসিংদী স্টেশনে এসে পৌঁছালে ট্রেন থেকে নেমে তিনি সিএনজি যোগে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকার হাসনাবাদে এসে নামেন।সেখান থেকে রাতে একা পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে রহিমাবাদ খালপাড় নামক স্থানে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত অবস্থায় সড়কের পাশে গর্তে ফেলে দেয়।পরে প্রীতি রঞ্জনের চিৎকারের শব্দ শুনে স্থানীয় এক ব্যক্তি তাঁর পরিবারকে খবর দিলে তারা এসে উদ্ধার করে তাঁকে হাসপালে নিয়ে যান।
প্রীতম সাহা বলেন, দুর্বৃত্তরা তাঁর বাবাকে কুপিয়ে মৃত ভেবে সড়কের পাশে একটি গর্তে ফেলে দেয়।পরে লোক মারফত খবর পেরে রাতেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।তাঁর মাথায় দশটি সেলাই লেগেছে।ছেলে প্রীতম জানান ডাক্তারের পরামর্শেক্রমে উন্নত চিকিৎসার জন্য প্রীতি রঞ্জনকে বর্তমানে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতি রঞ্জনের ওপর ন্যক্কারজন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতারা।
আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিনহাজ উদ্দিন কন্ঠকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।