

পেশাদার কূটনীতিক মোহাম্মাদ আব্দুল মুহিত ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর, এবার তাঁকে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
অন্যদিকে কূটনীতিক আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
কূটনীতিক মোহাম্মাদ আব্দুল মুহিত
মোহাম্মাদ আব্দুল মুহিত ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। কূটনৈতিক জীবনে তিনি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম, দোহা, ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডেনমার্কে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাওয়ার আগে যুক্তরাষ্ট্রে ছিলেন। দায়িত্বপালনকালে ডেনমার্কে তিনি বেশ সুনামের সাথে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর মুহিত বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে বসবাস করছেন।
রাষ্ট্রদূত মুহিতের বাবা মো. আব্দুল গফুর ছিলেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের শিক্ষক। সেই সুবাধে বাবার স্কুলেই পড়াশোনা করেছেন। ১৯৮০ সালে ওই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ১৯৮২ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

সফল এ কূটনীতিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডেনমার্ক থেকে আই নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন সঠিকভাবে পালন করতে পারি। দেশের মুখ উজ্জ্বল করতে পারি।
মুহিত বলেন, মৌলভীবাজারের একজন মানুষ হিসেবে আমি গর্বিত। মৌলভীবাজার কেন, পুরো দেশটাই আমার। তবুও নিজের জন্মভূমির জন্য আলাদা ভালোবাসা থাকবে। মৌলভীবাজারের একটা ঐতিহ্য আছে, যেখাসে সৈয়দ মুজতবার আলীর জন্ম। আমি যেন সেই ঐতিহ্য ধরে রাখতে পারি।’
কূটনীতিক মুহিত বলেন, ‘আমি যে দায়িত্বে আছি, এখান থেকে দেশসেবার অনেক সুযোগ আছে। সেটা যেন খুব ভালোভাবে করতে পারি। মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের সেবা করতে চাই। মৌলভীবাজার তো আমার হৃদয়ে…।’