

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : আগামী দেড় বছরের মধ্যে চালু হচ্ছে চার মেগা প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ও কর্ণফুলী টানেল। এর মধ্যে দুটি ঢাকায়, একটি চট্টগ্রামে। দেশের যোগাযোগ খাতের সবচেয়ে বৃহৎ এই প্রকল্পগুলো সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে শেষ করার চেষ্টা চলছে। করোনা, আর্থিক সঙ্কট, নক্সায় ত্রুটিসহ নানা প্রতিবন্ধকতার মধ্যে কোনটিই আসলে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।
তবে প্রকল্প সংশ্লিষ্টরাসহ অর্থনীতিবিদরা বলছেন, এসব প্রকল্প চালু হলে বদলে যাবে দেশের অর্থনীতির চিত্র। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় পা রাখবে দেশের মানুষ। আন্তর্জাতিক সড়ক ও রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। বাড়বে কর্মসংস্থান। সেইসঙ্গে পাল্লা দিয়ে বিকাশ ঘটবে দেশের পর্যটন শিল্পেরও। সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে বদলে যাওয়া এক বাংলাদেশ।