

মুজিবনগর (মেহেরপুর) :
শফিউদ্দীন, মুজিবনগর (মেহেরপুর) সংবাদদাতা (২১/০৪/২০২০) ঃ
“আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও
রহিমুদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও,
বাড়িতো নয়; পাখির বাসা, ভেন্না পাতার ছানি
একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি।”
এ চারটি লাইন পল্লী কবি জসিমউদ্দীনের ‘আসমানী’ কবিতার। তিনি এ কবিতাটি বৃট্রিশ আমলে লিখেছিলেন। কবিতাটি কয়েক যুগ ধরে প্রাথমিক বিদ্যালয়ের একটি বাংলা বইয়ে ছিল। শিক্ষার্থীরা খুব মজা করে কবিতাটি পড়লেও তদানিন্তন সরকারের পক্ষ থেকে আসমানীর বাবা রহিমুদ্দীনের ভাগ্যে তেমন কিছু জোটেনি। সম্প্রতি জসিমউদ্দীনের সেই আসমানীর মৃত্যুর খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ফলাও করে প্রচার হয়েছে।
যুগযুগ ধরে শিক্ষার্থীরা আসমানী কবিতাটি পড়ে রহিমুদ্দীনের ভাগ্যে কিছু না জুটলেও সম্প্রতি মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনির “সাজা দেবো; নাকি সাজা নেবো” এমন একটি মন্তব্য ফেজবুকে পোস্টের কারণে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের ভ্যান চালক ইসলাম শেখের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। দ্রুত তিনি পেতে চলেছেন প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই প্রকল্পের একটি ঘরসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
পাঠক গত শনিবার (১৮ এপ্রিল) মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যান সোনাপুর গ্রামে। তিনি ওই গ্রামের ভ্যান চালক ইসলাম শেখের বাড়ি ও পবিারের লোকজনকে দেখে বিষ্মিত হন। তিনি দেখেন ইসলাম শেখ একটি মাত্র বেড়ার কুড়ে ঘরে বিয়ের উপযুক্ত দুই কন্যা ও একপুত্র সহ স্বামী-স্ত্রী মিলে পাঁচ জনে অমানবিকভাবে বসবাস করছেন। ওই ঘর টুকুর মধ্যেই রান্না-খাওয়া ও থাকা-ঘুমানো। এর উপর ভাঙাচুরা টিনের এ ঘরটির বেড়ার ফাঁক দিয়ে বিড়াল-কুকুর ও সাপ-পোকামাকড় সহজে ঢুকতে পারে। তাই ভগ্নস্বাস্থ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক ইসলাম শেখকে দেখে তিনি সাজা না দিয়ে ফিরে আসেন এবং ওই দিন সন্ধ্যায় তার ফেজবুকে সচিত্র পোস্ট দেন “সাজা দেবো; নাকি সাজা নেবো”? তিনি ফেসবুকে এ কথাও লেখে তার নিকট থেকে জরিমানা আদায় না করে বরং কিছু টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া উচিত। এছাড়া তিনি ওই পরিবারকে যতটুকু সম্ভাব্য সহযোগিতা দেওয়ার কথা চিন্তা করেন।
এদিকে তার ফেসবুকের এ পোস্টটি ভাইরাল হয়। চোখে পড়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র। তিনি অসহায় ভ্যান চালক ইসলাম শেখকে প্রধানমন্ত্রীর জমি আছে; ঘর নাই প্রকল্পের একটি ঘরসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেন। এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন তিনি। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্প হতে ওই পরিবারকে সহযোগিতা করার নির্দেশ দেন।