

মেহেরপুর:
বর্তমান সরকার দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ২০২১ সালের মধ্যে এ দেশ হবে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ আর ২০২২ সালের মধ্যে সব মেগা প্রকল্প বাস্তবয়নের মাধ্যমে তার সূচনা হবে। আর সেই লক্ষ্যে মুজিববর্ষের আয়োজন। যাতে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়া যায়।আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করা হবে। আজ শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমীতে মুজিববর্ষের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। তিনি আরোও বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কাউন্ট-ডাউনের একটি ঘড়ি স্থাপনের কাজ চলছে। আগামী ১০ জানুয়ারী তার উদ্বোধন করা হবে। সে লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপস্থিত ছিলেন,মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী মুজিবনগর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।