

ডেস্ক নিউজ: এত কাজ করার পরেও কিছু লোকের মন ভরে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে তিনি বলেন, যদিও এত কাজ হচ্ছে, তার পরেও কিছু লোকের মন ভরে না। তাতেও বলবে আমরা নাকি কিছুই করি নাই। ‘কিছুই করি নাই’ (যারা বলে) শ্রেণিটা চোখ থাকতেও দেখে না। দৃষ্টি থাকতেও তারা অন্ধ। তারা দেখবেই না।
শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তাদের মাথার ভেতরে ‘নাই’ শব্দটা ঢুকে গেছে। আমরা নাই-তে থাকতে চাই না। আমরা পারি। বাংলাদেশের মানুষ পারে। আমরা সেটাই প্রমাণ করতে চাই। নাই নাই শুনবো না। আমরা করতে পারবো, এটা করতে হবে।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা পুনরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আন্তরিকতার সঙ্গে আজ ছেলে-মেয়েদের যত আমরা তৈরি করতে পারবো, আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।