

Prime Minister Mark Carney gestures as he poses for photographers with Philippine President Ferdinand Marcos Jr. before a meeting in Manila, Saturday, Nov. 14, 2026. THE CANADIAN PRESS/Adrian Wyld
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিপাইনের সঙ্গে একটি বিস্তৃত মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি শনিবার এ কথা জানান। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে একসময় বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার দেশ দুটির সম্পর্কে ফাটল ধরেছে। তথ্য-উপাত্তে দেখা গেছে, তেল রপ্তানি বাড়ায় সেপ্টেম্বরে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত কিছুটা বেড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের চাপে পড়েছে দেশটির একাধিক খাত। ম্যানিলায় একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে কার্নি সাংবাদিকদের বলেন, ফিলিপাইনের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করতে আরও প্রায় ছয় মাস লাগবে। সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের মঙ্গলবার সেখানে পৌঁছানোর কথা রয়েছে। কার্নি জানান, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ১১টি সদস্যদেশের সঙ্গেও বৃহত্তর একটি চুক্তির আলোচনা চলছে। এ আলোচনা ‘উল্লেখযোগ্যভাবে শেষ হয়েছে।’ তিনি বলেন, এসব চুক্তি নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে নতুন সুযোগ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা তুলনামূলকভাবে কমবে।
ম্যানিলার সঙ্গে চুক্তিটিকে ফিলিপাইনের স্বাক্ষর করা ‘সবচেয়ে বিস্তৃত’ বাণিজ্য চুক্তি হিসেবে উল্লেখ করেন কার্নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য তিন গুণ হবে।২০২৫ সালে দেশ দুটির মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৪০ কোটি ডলার। কার্নি জানান, চুক্তির আওতায় ৯০ শতাংশের বেশি পণ্যের শুল্ক তুলে নেওয়া হবে। কৃষি থেকে শুরু করে মহাকাশ ও বিমানশিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাত এতে অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি চুক্তির বিস্তারিত তথ্য জানাননি। আসিয়ানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সম্পর্কে কার্নি বলেন, এশিয়ার বাইরে এটি হবে জোটটির প্রথম বাণিজ্য চুক্তি। তিনি জানান, দুই পক্ষের মধ্যে বছরে ৫ হাজার কোটি ডলারের বেশি বাণিজ্য হয়। গত এক বছরে এ বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এদিকে, এক পৃথক বিবৃতিতে ম্যানিলা জানিয়েছে, আগামী বছরের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হবে বলে তারা আশা করছে। কার্নি বারবারই বলেছেন, কানাডার অর্থনীতির অন্যতম ভিত্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ট্রাম্প-পূর্ব স্বাভাবিক অবস্থায় আর ফিরবে না। তাই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কানাডাকে জরুরিভিত্তিতে বহুমুখীকরণ করতে হবে। বহু দেশ সফরের অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে কম্বোডিয়ার রাজধানী নমপেনে যাবেন। সেখানে দুই বছর পরপর অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোনি সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের বার্ষিক বৈঠকে অংশ নিতে যাবেন। কার্নি জানান, সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বেইজিংয়ের সঙ্গে কানাডার বাণিজ্যিক অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন তিনি।