

ডেস্ক নিউজ: প্রধান খাদ্য শস্য চাল ও গম আমদানিতে ন্যূনতম মার্জিনে ঋণপত্র (এলসি) খোলার নির্দেশনা দেওয়ার পর এবার ইঞ্জিন ওয়েল বা লুব্রিকেন্টস ও এর উৎপাদন বা প্রস্তুত সংশ্লিষ্ট পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল হচ্ছে। এসব পণ্যের এলসিতে ন্যূনতম মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ‘শিল্প কারখানা পরিচালনা ও শিল্প কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান রাখতে বাজারে লুব্রিক্যান্টস-এর সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ইঞ্জিন ওয়েল বা লুব্রিকেন্টস ও এর উৎপাদন বা প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানির এলসিতে ন্যূনতম মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করা যাবে। অর্থাৎ ন্যূনতম মার্জিন কত হবে, তা গ্রাহক-ব্যাংকের সম্পর্কের ওপর নির্ভর করবে।’