কাউকে কাউন্ট করি না আমরা প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কাউকে কাউন্ট করি না। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সবসময় প্রস্তুত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এ বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান ছাড়াও বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টারের গোলা পড়ার প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, সেনাবাহিনীসহ সবাই জানিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকেন তারা। এখনও তারা প্রস্তুত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের (মিয়ানমারের) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনও ভূমিকা নেই।
তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে কাউন্ট করি না। এ সমস্ত ইস্যুর বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, আমরা সবসময় প্রস্তুত আছি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে নাই। আমরা একটা পরিস্থিতি দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে। এতে হতাহতের ঘটনা ঘটছে। আমাদের জনগণ আতঙ্কিত হয়ে রয়েছে। সেজন্য আজ আমরা সভাটি করেছি।
মন্ত্রী বলেন, আমরা এ সিদ্ধান্তে এসেছি যে আমাদের জাতীয় পলিসি যেটা- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা সেখানে যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি। আমরা যেটুকু দেখছি। তারা নিজেরা নিজেরা যুদ্ধ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code