

ধর্ম: আল্লাহর কুদরতের কোনো সীমা-পরিসীমা নেই। তিনি যেমন অসীম ও অনন্ত, তাঁর নিদর্শনাবলির শেষ বলতে কিছু নেই। আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন হলো যমযমের পানি। পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট পানি হলো যমযমের পানি। এ পানি যেমন পবিত্র, তেমনি বরকতময় ও সুস্বাদু। যমযমের পানি খাওয়ার স্বাদ কখনো মিটে না। যমযমের পানি পানে শুধু তৃষ্ণাই মিটে না; বরং ক্ষুধা নিবারণ হয়, রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়।
হজরত রাসূল (সা.) সব সময় যমযমের পানি সঙ্গে রাখতেন। তিনি নিজে যমযমের পানি পান করতে পছন্দ করতেন। রোগ-বিমারের দাওয়াই হিসাবে অন্যদের যমযমের পানি পান করতে বলতেন। হজরত আয়েশা (রা) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ‘হজরত রাসূল (সা.) যমযমের পানি পান করতেন। সফরে বের হলে যমযমের পানি সঙ্গে রাখতেন। এ পানি অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।’ (সুনানে তিরিমিযি ও বায়হাকি)। পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২১ মিটার দক্ষিণ পূর্বে যমযম কূপের অবস্থান। আজ থেকে প্রায় ৪০০০ বছর পূর্বে হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে নিজের স্ত্রী হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)কে মক্কার ফারান পাহাড়ের পাদদেশে এক জনমানবহীন স্থানে নির্বাসন দেন।
হজরত ইবরাহিম (আ.) প্রিয়তমা স্ত্রী ও শিশুপুত্রকে বিরান মরুভূমির পাহাড়ের পাদদেশে রেখে সামান্য আহার সামগ্রী সঙ্গে দিয়ে ফেরত চলে আসেন। ওই সময়কালে আল্লাহতায়ালা ছাড়া বিবি হাজেরা (আ.) এবং হজরত ইসমাঈল (আ.)-এর আশপাশে দ্বিতীয় কেউ ছিল না। হজরত ইবরাহিম (আ.) এর রেখে যাওয়া সামান্য আহার সামগ্রী শেষ হয়ে যাওয়ার পর কোনো এক সময় হজরত ইসমাইল (আ.) পানির পিপাসায় কান্নাকাটি করতে থাকেন। বিবি হাজেরা শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য পানির খোঁজে চারদিক ছোটাছুটি করতে থাকেন। বিবি হাজেরা (আ.) পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে সাতবার ছোটাছুটি করেছেন। কোথাও কোনো পানির সন্ধান পাননি।