চা-শ্রমিকদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

উপ-সম্পাদকীয়:চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধিজনিত সমস্যা সমাধানের সংবাদ ইতিবাচক। উল্লেখ্য, সম্প্রতি দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকরা আন্দোলন শুরু করলে মালিকপক্ষ বর্তমান মজুরির সঙ্গে ১৪ টাকা যোগ করে মোট ১৩৪ টাকা করার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চা-শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনড় থাকেন। দাবির পক্ষে শ্রমিকনেতাদের ভাষ্য ছিল-দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার যেমন মজুরি, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন দিক থেকে বঞ্চিত রয়েছেন। এ অবস্থায় তারা ন্যায়সংগত দাবিতে আন্দোলন করছেন, যা অত্যন্ত যৌক্তিক। অন্যদিকে মালিকপক্ষের যুক্তি ছিল-চা-বাগানের শ্রমিকরা বর্তমানে প্রচুর সুযোগ-সুবিধা পাচ্ছেন। বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বাসস্থান তৈরি করে দিচ্ছে; উপরন্তু প্রতিটি বাগানে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফের ব্যবস্থা রয়েছে। মোট কথা-রেশন, চিকিৎসাসহ বিভিন্ন সেবা বাগান থেকে দেওয়ায় শ্রমিকদের অবস্থা বর্তমান অবস্থা আগের মতো নাজুক নয়। তবে প্রশাসন থেকে শুরু করে চা-শ্রমিক সংগঠনের নেতারা কয়েক দফা চেষ্টা করেও শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী।
গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বৃহৎ ১৩টি চা-বাগানের মালিক বৈঠকে বসেন। বৈঠক শেষে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ এবং তাদের সঙ্গে শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান। স্বস্তির বিষয় হলো, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা গতকালই কাজে যোগ দিয়েছেন। চা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, তা বলাই বাহুল্য। তিন দশক ধরে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। সঠিকভাবে তদারকি করতে পারলে চা-শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। বস্তুত বাংলাদেশে চা-শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। এক্ষেত্রে যেসব বিষয়ে ঘাটতি রয়েছে, তার যুগোপযোগী আধুনিকায়ন ও প্রত্যাশিত মানে উন্নীত করার পাশাপাশি চা-শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমানের উন্নয়ন ঘটাতে পারলে চা-শিল্প উন্নতির শিখরে স্থান করে নেবে। এক্ষেত্রে সরকারকেই ভাবতে হবে বেশি। আশার কথা, এ বিষয়ে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। আমরা আশবাদী, তার সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতায় চা-শ্রমিকদের জীবনমানের উন্নতি হওয়ার পাশাপাশি এ শিল্পেরও প্রভূত উন্নয়ন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code