জেলা পরিষদে ভোটার ৬৩ হাজার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৬৩ হাজার ১৫৯ জন। এর মধ্যে নারী ১৪ হাজার ৯২৩ ও পুরুষ ৪৮ হাজার ২৩৬ জন। দেশের ৬১ জেলার স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে এ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।দেশের স্থানীয় সরকারের ৫ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কেবল জেলা পরিষদ নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়। পরোক্ষ ভোটে অনুষ্ঠেয় এই পরিষদে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরাই হচ্ছেন ভোটার (নির্বাচকমণ্ডলি)।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ডের সদস্য পদ ৪৬৩টি, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদ ১৭২টি। চেয়ারম্যান পদ রয়েছে ৬১টি। ৪৭৭টি ভোটকেন্দ্রের ৯৫৫টি কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলার স্থানীয় সরকারের চার ধরনের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানের মোট সংখ্যা ৫ হাজার ২৪০টি। এতে মোট ৬৫ হাজার ৪৯৬ জন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। আইন অনুযায়ী, স্থানীয় সরকারের এসব নির্বাচিত জনপ্রতিনিধিরাই জেলা পরিষদের ভোটার (নির্বাচনমন্ডলি)। তবে, এদের মধ্যে ইউনিয়ন পরিষদের কোনও প্রতিনিধি সাময়িক বরখাস্ত হলে তিনি ভোটার হতে পারবেন না। এছাড়া আদালতের আদেশ, মৃত্যুজনিত কারণ বা মেয়াদোত্তীর্ণ সাপেক্ষে কোনও পরিষদে প্রশাসক নিয়োগ হলে সেখানকার জনপ্রতিনিধিরা ভোটার হতে পারবেন না। এ কারণে ৬১টি জেলা পরিষদে ৬৫ হাজার ৪৯৬ জন ভোটার থাকার কথা থাকলেও এরমধ্যে ২ হাজার ৩৩৭ জন ভোটার হতে পারেননি। এছাড়া পার্বত্য তিন জেলার এক হাজার ৭৫৫ জনপ্রতিনিধিও এই নির্বাচনে ভোটার নন। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code