জয় দিয়ে বিশকাপ শুরু করলো আর্জেন্টিনা

লেখক: Rumie
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন। ২০ বছর আগে একই দিনে আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে। আর্জেন্টাইন মহতারকার ৩৯ বছর বয়স পূর্ণ হতে আর এক সপ্তাহ বাকি। তার আগেই তিনি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেলেন। এটি বিশ্বকাপে তার সর্বোচ্চ ২৭তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এর আগে আলজেরিয়ার বিপক্ষে একাদশে যুক্ত হতেই তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি। যদিও চলতি আসরে আরও দুজনের সেই রেকর্ড গড়ার সুযোগ আছে। আর্জেন্টিনাকে ১৭ মিনিটে এগিয়ে দেওয়ার পর তাদের অবশিষ্ট দুই গোলও এলো অধিনায়কের পা থেকে। ৬০ ও ৭৬ মিনিটে করা দুই গোলে জাদুকরী পারফরম্যান্স পূর্ণতা পায় মেসির। দ্বিতীয় গোলে ভুলে খেসারত দিয়েছেন জিনেদিন জিদানপুত্র লুকা জিদান। আলজেরিয়ান এই গোলরক্ষক অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের জোরালো শট থামাতে পারেননি। উল্টো বল ছুটে চলে যায় সামনে থাকা মেসির পায়ে, তিনি আলতো ছোঁয়ায় তা জালে জড়ান। অবশ্য বাকি দুটি গোল মেসি করেছেন চিরাচরিত বাঁ পায়ের মোহনীয় শটে। ১৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে। লুকা জিদান দু‘হাত বাড়িয়ে সেটি স্পর্শ করলেও ঠেকাতে পারেননি। আর হ্যাটট্রিক পূর্ণ করা দ্বিতীয় গোলও এসেছে বক্সের বাইরে থেকে নেওয়া মাটি কামড়ানো শটে। এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০ এবং বিশ্বকাপের ১৬তম গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। এতদিন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোল নিয়ে রাজত্ব করছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। তাকে ছাড়িয়ে একক রাজত্ব কায়েম হতেও হয়তো আর কিছু সময়ের অপেক্ষা! এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করলেন মেসি। এদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে পজেশনে বেশ এগিয়ে ছিল আলজেরিয়া। যা ম্যাচ শেষেও তাদের এগিয়ে (৫২ শতাংশ) রাখে। তবে গোলের লক্ষ্যে মাত্র কোনো শট রাখতে না পারা দলটির স্কোরলাইনও পুরোপুরি বিপরীত। অন্যদিকে, আর্জেন্টিনার গোলের লক্ষ্যে ছিল ৬টি শট। আলজেরিয়া মেসিকে কড়া মার্কিং করতে পারেনি, উল্টো দ্বিতীয় গোল হজম করে গোলরক্ষক লুকা জিদানের ভুলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code