ট্রাম্প প্রশাসনের আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার আবেদন আদালতের খারিজ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫৬ minutes ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জয়ী হলে নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছে একটি ফেডারেল আদালত। রোববার আদালত এ আবেদন খারিজ করে বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতে মঙ্গলবারের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদন (সার্টিফিকেশন) স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।  তাদের যুক্তি ছিল, ড্যান সুলিভান নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এতে রিপাবলিকান সিনেটর সুলিভানের ভোট কমে যেতে পারে। ট্রাম্প নিজেই এ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কার মধ্যে মামলাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

Manual4 Ad Code

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, আলাস্কা তার অন্যতম। মামলার আবেদনে অভিযোগ করা হয়, আলাস্কার ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ করে নিজেদের জন্য অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়। আবেদনে আরও বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে তদন্তের নির্দেশ দিতে হবে। এর মাধ্যমে দ্বিতীয় ড্যান সুলিভানকে দেওয়া ভোটগুলোর মধ্যে কতজন প্রকৃতপক্ষে বর্তমান রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে। সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক শ্যারন গ্লিসন তার রায়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর ফলে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে মেরি পেলটোলা নির্বাচনে অংশ নেওয়া দ্বিতীয় ড্যান সুলিভানকে তিনি ইচ্ছাকৃতভাবে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন—এ অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের রায়ের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কার ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনের ফল কারসাজি করার উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করা উচিত নয়।’ এদিকে আদালতের রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ভুয়া ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র’ উধাও হয়ে গেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির আইনজীবী ও কর্মীদের বিরুদ্ধে আইন অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের ‘অপরাধী’ বলেও আখ্যায়িত করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code