

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব ইফতারের পূর্বে স্বাগত বক্তব্যে বলেন, ‘আগে সব সময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সঙ্গে ইফতার করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন।’ ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান একই টেবিলে বসে ইফতার করেন।
ইফতারে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। এ ছাড়া ছিলেন জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন রুমিন ফারহানা, নজরুল ইসলাম আজাদ প্রমুখ।
এ ছাড়া শিক্ষাবিদ আফম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক কূটনীতিক মো. আল হারুনসহ সাবেক সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে অংশ নেন। পরে মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজে অংশ গ্রহণ করেন।