ঢাকায় বেড়েছে ছিনতাই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: রাজধানীর উত্তরা, কামরাঙ্গীরচর, পল্লবীতে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটেছে মৃত্যুর ঘটনা। ছিনতাইয়ের শিকার হওয়া মানুষের আহত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তবে আহতদের অনেকেই আইনি ঝামেলায় পড়তে চান না, ফলে পুলিশের কাছেও যান না। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এদিকে অভিযোগ উঠেছে, ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল বাড়ানো হলেও কমছে না এসব ঘটনা। যদিও পুলিশ বলছে, চুরি কিংবা ছিনতাই ঠেকাতে কাজ করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই হচ্ছে। পথচারী বা সাধারণ মানুষের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সাসহ সবকিছু ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। বাধা দিতে গিয়ে অনেকের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটছে। এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন ভিকটিমরা। গুরুতর জখম থেকে মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির কারণে চুরি-ছিনতাই যেমন বেড়ে যায়, ঠিক তেমনি এসব ঘটনা ঘটাতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেও দ্বিধাবোধ করছে না ছিনতাইকারীরা।
ছিনতাইয়ে জড়িত অনেকেই মাদকাসক্ত। তারা মাদকের টাকার জন্য জড়িয়ে যায় ছিনতাইয়ে। যতক্ষণ পর্যন্ত টাকা সংগ্রহ না হচ্ছে এবং মাদক নিতে না পারছে ততক্ষণ কোনও শান্তি নেই। এই সময় মাদকাসক্ত ছিনতাইকারীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ছিনিয়ে নেওয়ার সময় বাধা পেলেই উপর্যুপরি ছুরিকাঘাতের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। যা অনেকটাই উদ্বেগ সৃষ্টি করেছে।
গত ১১ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচরের কয়লারঘাট সুরুজবাগে একটি ব্যাগের কারখানার হৃদয় (১৭) নামের এক শ্রমিক নাইট ডিউটি করছিল। ভোরে সে খাবার খেতে যায় পাশের একটি হোটেলে। যাওয়ার সময় ২/৩ ছিনতাইকারী তার গতিরোধ করে। তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছিনতাইকারীরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকা মেডিক্যালে হৃদয় মারা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code