দালালদের ১০ লাখ করে টাকা দিয়ে যুদ্ধ করতে রাশিয়া যাচ্ছেন নেপালি তরুণেরা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সম্প্রতি ৬ নেপালি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে চলতি সপ্তাহের শুরুর দিকে মস্কোর কাছে ভাড়ায় খাটা নিজেদের সৈন্য ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে কাঠমান্ডু। শুধু তা-ই নয়, তরুণদের লোভ দেখিয়ে ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠানোর অভিযোগে ১২ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ।

Manual3 Ad Code

কাঠমান্ডু পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারকারীরা ভ্রমণ ভিসায় রাশিয়ায় পাঠাতে নেপালি তরুণদের কাছ থেকে জনপ্রতি ৯ হাজার ডলার পর্যন্ত নিয়েছে। বাংলাদেশি যা প্রায় ১০ লাখ টাকার সমান।

বর্তমানে রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধক্ষেত্রে কতসংখ্যক নেপালি তরুণ লড়াই করছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। রাশিয়ায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অনুমান করেছিলেন, বর্তমানে ১৫০ থেকে ২০০ নেপালি তরুণ রুশ সেনাবাহিনীর হয়ে লড়ছে। তবে নেপালের স্থানীয় মানুষেরা দাবি করছেন, প্রতি সপ্তাহেই অসংখ্য তরুণ রাশিয়ার ভিসা পেতে অর্থ প্রদান ও নাম নথিভুক্ত করছেন।

বিবিসি জানিয়েছে, যুদ্ধ করতে এখনো বিপুলসংখ্যক তরুণ রাশিয়ার উদ্দেশে নেপাল ছেড়ে যাচ্ছেন। যাঁরা এরই মধ্যে যুদ্ধ করছেন, তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে রাশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ নেপাল। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

দারিদ্র্যের কারণেই অর্থ আয়ের উদ্দেশ্যে নেপালি তরুণেরা বিদেশি সেনাবাহিনীগুলোতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠছেন। এ সুযোগই কাজে লাগাতে চাইছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে সেনাদের সংখ্যা বাড়াতে চাইছে দেশটি। নেপাল ছাড়াও দেশটি জর্জিয়া, সিরিয়া ও লিবিয়া থেকে অসংখ্য সৈন্যকে ভাড়া করছে।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার নেপালের পুলিশ বাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, নেপাল থেকে রাশিয়া সরাসরি তরুণদের ভাড়া করে নিয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। তারপরও নেপাল কর্তৃপক্ষ রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে, যেন যুদ্ধক্ষেত্রে নেপালি তরুণদের ব্যবহার না করা হয়। নিজেদের অবস্থান জানিয়ে দিতে তারা কাঠমান্ডুতে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতকেও তলব করেছে।

নেপালের পুলিশ কর্মকর্তা কুমুদ দুঙ্গেল জানিয়েছেন, সন্দেহভাজন কিছু দালাল নেপালি তরুণদের ভ্রমণভিসায় প্রথমে ভারত কিংবা দুবাই পাঠাচ্ছে। পরে সেখান থেকে তরুণদের রাশিয়ায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে চলমান তদন্তে সহযোগিতা করার জন্য ভারতীয় কর্তৃপক্ষেরও দ্বারস্থ হয়েছে কাঠমান্ডু।

গত সোমবার রাশিয়ার কাছে ইউক্রেনে নিহত নেপালি ভাড়াটে যোদ্ধাদের মরদেহও ফেরত চেয়েছে।

ভাড়ায় খাটা নেপালি সৈন্যরা বাড়িতে কোনো অর্থ পাঠাচ্ছে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে দেশটির প্রত্যন্ত গ্রামগুলোর অসংখ্য পরিবার রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, দেশটির প্রায় ৩৫ লাখ মানুষ বিদেশে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে অবস্থান করছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code