

বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আসরে টানা ম্যাচ খেলার ধকল সইতে হয় ক্রিকেটারদের। কিন্তু তুলনামূলক সেই আঘাতটা বেশি পাওয়া দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। চোট নিয়েই ভারতে খেলতে এসেছিলেন দলটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। এরপর এক ম্যাচ তিনি ফের ইনজুরিতে পড়েন। এরপর একে একে আরও দুজন ক্রিকেটার রয়েছেন চোট সমস্যায়। এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হচ্ছেন পেসার ম্যাট হেনরি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ৩২তম ম্যাচে আজ (বুধবার) পুনেতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ৩৫৭ রান। এর আগে ২৭তম ওভারে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। পরে তাকে চিকিৎসা দেওয়ার পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই পেসার আজ আর বোলিং করতে পারবেন না।
হেনরি ওঠে যাওয়ার পর তার অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মিডিয়াম পেসার জিমি নিশাম। ফলে একজন বোলারও কমে যায় কিউইদের। এর আগে ৫.৩ ওভারে উইকেটশূন্য ৩১ রান খরচ করেন হেনরি। এর আগে থেকে কিউইদের ইনজুরির তালিকায় আছেন লোকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও কেইন উইলিয়ামসন।