দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা জরুরি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: দেশে ব্যবসা করার পরিবেশ এখনো সহজ নয়। ব্যবসা সহজীকরণে সরকার নানা উদ্যোগ নিলেও ব্যবসার পুরো প্রক্রিয়া সহজ করা যায়নি। একটি ব্যবসা শুরু করতে অনেক লাইসেন্স নিতে হয়, যেগুলোর হয়তো কোনো প্রয়োজনই নেই। অথচ এজন্য সরকারি অফিসে ঘুরতে হয়, অনেক জায়গায় ঘুস দিতে হয়। কিছু সরকারি অফিস ডিজিটাইজ করা হলেও এখনো ঘুস-দুর্নীতির প্রবণতা রয়ে গেছে।
রোববার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং জার্মান সহযোগী সংস্থা জিআইজেড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ব্যবসায়ী নেতারা। একটি লাইসেন্সের জন্য একজন উদ্যোক্তার কাছে কীভাবে পদে পদে ঘুস চাওয়া হয়েছে, অনুষ্ঠানে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন একজন ব্যবসায়ী নেতা। আরেকজন ব্যবসায়ী নেতা বলেছেন, শুধু সরকারি কর্মকর্তাদের ঘুস-দুর্নীতি ও হয়রানির কারণেই বছরের পর বছর কেটে যায় একটি কারখানা প্রতিষ্ঠা করতে।
বস্তুত দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দেশে সহজে ব্যবসা করার ক্ষেত্রে বড় বাধা এখনো। তাছাড়া কর দেওয়ার ক্ষেত্রে হয়রানি, জমির নামজারি করতে মাত্রাতিরিক্ত টাকা-এসবও উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। দেশে বিনিয়োগ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই ভালো নয়। করোনার কারণে তা আরও খারাপ হয়েছে। আমরা জানি, বিদেশিরা অনেক কিছু দেখে বিনিয়োগ করে। এর অন্যতম হলো বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ রিপোর্ট। অথচ ডুয়িং বিজনেসের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ভালো নয়। নানা ধরনের প্রক্রিয়াগত ও আইনি জটিলতার কারণে শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। কখনো বা প্রলম্বিত হচ্ছে প্রক্রিয়া। এ কারণে নতুন শিল্পদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহবোধ করেন না। শিল্পায়নের স্বার্থে সরকারের উচিত অবিলম্বে এসব দিকে দৃষ্টি দেওয়া। উদ্যোক্তারা মনে করেন, ব্যবসা সহজীকরণে অ্যানালগ প্রক্রিয়া ডিজিটাল করে দিলেই সব সমস্যার সমাধান হবে না, ব্যবসার পুরো প্রক্রিয়াকেই ঢেলে সাজাতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code