দেবিদ্বারে বাড়ছে ডায়রিয়া রোগী : স্যালাইন সঙ্কটের যোগান দিলেন ইউএনও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

দেবিদ্বার (কুমিল্লা) :
শীতের শুরুতে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী সংখ্যা। বড়দের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেঝেতেও ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে স্যালাইনের তীব্র সঙ্কট। স্যালাইন সঙ্কটে দুর্ভোগে পড়তে হয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী ও তার স্বজনদের। এ খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন দেবিদ্বার ইউএনও মো. রাকিব হাসান। তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।
পরে তিনি স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সাথে পরামর্শ করে সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে ১২০ ব্যাগ স্যালাইন থেকে প্রথম পর্যায়ে ৬০ব্যাগ স্যালাইন প্রদান করেন ইউএনও রাকিব হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, হাসপাতালের আরএমও ডা. মো. মঞ্জুর রহমান, আবাসিক চিকিৎসক ডা. চিন্ময় কুমার পোদ্দার এবং ডা. নন্দীনি কুমার পোদ্দার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, শীতের শুরু ও শৈত্য প্রবাহে গত ১০ দিনে প্রায় ১৩০জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে শিশু রোগীর সংখ্যা রয়েছে ১০০ এরও বেশি। মোট ১৩০ জন রোগীর মধ্যে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকিরা সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবীর জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ও সম্প্রতী শৈত্য প্রবাহ চলাকালীন সময়ে আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগী সংখ্যা। হাসপাতালে স্যালাইন সঙ্কট ছিলো। প্রথম পর্যায়ে ৬০ ব্যাগ স্যালাইন পেয়েছি বাকি স্যালাইন দু’একদিনের মধ্যে পাওয়া যাবে বলেন জানান তিনি। এছাড়া চলতি সপ্তাহের পর সরকারিভাবে স্যালাইন পাওয়া যাবে।
ইউএনও রাকিব হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইন সঙ্কট দেখা দেয়। সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তাঁর নিজস্ব তহবিল থেকে কিছু স্যালাইন পাঠিয়েছেন। পর্যায়ক্রমে আরও স্যালাইন দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code