

ডেস্ক নিউজ: বলিউডের নোরা ফাতেহির সঙ্গে ঢাকার সম্পর্কটা বেশ জমে উঠেছে। তার ঢাকা সফর নিয়ে অনেকটা ইঁদুর-বিড়াল খেলা চললো কয়েক মাস। আয়োজকরা সংবাদ সম্মেলন করে বলেন নোরা আসছেন। মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, অনুমতি দেওয়া গেলো না!
এভাবে কয়েক দফা চলার পর অবশেষে আজ (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হলো। তবে এখানেও তৈরি হলো নতুন রহস্য।
কারণ, এর আগে দুই দফা নোরার ঢাকা সফরের কারণ ছিল মঞ্চ মাতানো আর অ্যাওয়ার্ড প্রদানের কাজে। অথচ সোমবারের প্রজ্ঞাপনে জানা গেলো তিনি আসছেন একটি ডকুমেন্টারির শুটিংয়ে!
‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এই ডকুমেন্টারিটি নির্মিত হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। আর এই শুটিংয়ের জন্য ১৮ নভেম্বর তিনি ঢাকায় অবস্থান করতে পারবেন (আশা ও যাওয়ার বাইরে)। প্রজ্ঞাপনে স্পষ্ট করে জানানো হয়, এই শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনও কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তা-ই নয়, উক্ত ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। এটাও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে।