

ডেস্ক রিপোর্ট: পান থেকে চুন খসলেই ওয়াশিংটন ভিসানীতির কথা বলে— এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনও দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। তিনি বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে— এমন হুমকি-ধমকি দেয়।’
শনিবার (১২ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নের তারা প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক যেখানে আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে।’
আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর জ্বালা বলে অভিযোগ করে কাদের বলেন, ‘পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে। তাদের মিছিল-সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে ও প্রস্থ কমেছে।’