

ডেস্ক নিউজ, ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগামী ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে লেনদেন শুরু করবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ট্রেডিং কোড ‘রবি’ দিয়ে এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করবে কোম্পানিটি। ৫২৩ দশমিক ৭ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের ইতিহাসে বৃহত্তম ইস্যু নিয়ে যাত্রা শুরু করবে রবি। ফলে আইপিও কেনার জন্য আবেদনও পড়েছিল ৫ দশমিক ৭৪ গুণ বেশি। গণমাধ্যমে রবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ফিক্সড-প্রাইস মেথডে ১০ শতাংশ (এমপ্লয়ি শেয়ারসহ) বা ৫২ দশমিক ৩৭ কোটি শেয়ার ছাড়ার জন্য এ বছরের ২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে রবি। প্রতি শেয়ার ১০ টাকা হিসেবে ওই মূলধন তোলার জন্য এ বছরের ২৩ সেপ্টেম্বর রবির আইপিও অনুমোদন করে বিএসইসি।