প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চীন সফরে এপেক সম্মেলনে যোগ দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী সপ্তাহে চীন সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চীন সফর। শুক্রবার টোকিও এ তথ্য জানিয়েছে।চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করবেন। গত বছরের নভেম্বরে তাইওয়ানে কোনো হামলা হলে টোকিও তাতে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছিলেন তাকাইচি।  বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।  জাপানের উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি বলেন, ‘প্রধানমন্ত্রী তাকাইচি আগামী ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ফিলিপাইন ও চীন সফর করবেন। এ সময় তিনি আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলন এবং এপেক সম্মেলনে যোগ দেবেন।’ গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম চীন সফর। ওজাকি জানান, এপেক সম্মেলনে তাকাইচি বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতির মতো বিষয় নিয়ে আলোচনা করবেন। এসব বিষয়ে জাপানের অবস্থানও তুলে ধরবেন তিনি। তবে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাকাইচির সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি সবার নজরে থাকবে। বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা খুবই কম।

Manual1 Ad Code

শেনজেন সফরের আগে তাকাইচি ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলা যাবেন। ওজাকি জানান, আসিয়ান সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের অংশগ্রহণে কোয়াড বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। দেশটি তাদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করে এবং বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে। এসব বিধিনিষেধের ফলে জাপানি প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। গত মাসে এক নীতিনির্ধারণী ভাষণে তাকাইচি চীনকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, জাপান তার জাতীয় অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে ও চীনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করবে। তাকাইচির সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে বেইজিং। তবে গত মাসে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যুতে তার পরিবারের প্রতি পাঠানো এক শোকবার্তায়  সি চিনপিং ফুকুদাকে ‘চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু’ হিসেবে অভিহিত করেন। এর আগে, গত সেপ্টেম্বরে বেইজিংয়ে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার নেতৃত্বাধীন একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, টোকিওর সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছে বেইজিং।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code