প্রায় ৯ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual3 Ad Code
নিরেন দাস (জয়পুরহাট) :
জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে পুরানাপৈল রেলগেটে ট্রেন বাস দুর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার পরে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল পৌনে ৭ টার দিকে রেল লাইনের ওপর যাত্রীবাহী বাসে দ্রুতগতির ট্রেন ধাক্কা দিলে বাসের ১২ যাত্রী ঘটনাস্থলেই নিহত ও পাঁচ জন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।
রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওই বাসের হেলপার সোহেল হোসেন জানান, ওই রেলগেটে গেটম্যান ছিলো না। বাসে ২০/২৩ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার সময়ে তিনি সহ আরও কয়েকজন যাত্রী লাফিয়ে প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনা তদন্তে জয়পুরহাট জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ থেকে পৃথক কমিটি গঠনও করা হয়েছে।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম ও জয়পুরহাট সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিকুর রহমান, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম ও বিভাগীয় মেডিক্যাল অফিসার শাকিল আহম্মেদ।
রেলের বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান, অনুমোদিত এ রেলগেটে ২ জন স্থায়ী ও ১ জন চুক্তিভিত্তিক গেটকিপার রয়েছেন। তারা দিনে ৮ ঘণ্টা করে দায়িত্বে থাকেন। দুর্ঘটনার সময় দায়িত্বে ছিলেন নয়ন হোসেন। গেট ম্যান নয়ন হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।