

লন্ডন প্রতিনিধি: বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘অসম্মান’ করার। রাজকীয় সংগীতের সময় হ্যারির আচরণ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ছাড়াও দুই হাজার মানুষ। তাঁরা সবাই ‘গড সেভ দ্য কুইন’ গেয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান। তবে প্রখর দৃষ্টির কিছু দর্শকের দাবি, রাজপরিবারের বাকি সদস্যদের সঙ্গে এই সংগীত গাওয়ার সময় হ্যারির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। অন্যদের সঙ্গে হ্যারি সম্ভবত গাইছেন না এমন একটি ভিডিও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।