

বিশেষ প্রতিবেদন: বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ‘অল ক্যাডার দ্বিতীয় পত্র নিরীক্ষা ও হিসাব’ বই হুবহু নকল করে প্রকাশ করার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকে এই নির্দেশ দেওয়া হয়। অধিদফতর সূত্রে জানা গেছে, ১০টি মাধ্যমিক স্কুল প্রকল্পে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে এর আগে এই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিসিএস শিক্ষা প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত সিনিয়র লাইব্রেরিয়ান মো. এনামুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালককে তদন্তের নির্দেশ দিয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মন্ত্রণালয়ের গত ২৩ জুনের অফিস আদেশে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বর্তমানে নেয়াখালী সরকারি কলেজে বদলির আদেশাধীন রয়েছেন। তার বিরুদ্ধে ‘অল ক্যাডার দ্বিতীয় পত্র নিরীক্ষা ও হিসাব শিরোনামে বইটি হুবহু নকল করে প্রকাশ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। বই নকল করার অভিযোগ করেছেন বিসিএস শিক্ষা প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত সিনিয়র লাইব্রেরিয়ান মো. এনামুল হক।