

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এই একই দলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে হবে জামাল ভূঁইয়াদের। এরই মাঝে আবার দুই দেশের ক্লাবেরও লড়াই। এএফসি কাপের প্লে অফে আবাহনী লিমিটেড লড়বে সেদেশের ক্লাব ঈগলসের বিপক্ষে। তবে জাতীয় দলের খেলার ফল ক্লাব দলে পড়বে না মনে করেন ঈগলস কোচ মোহাম্মদ শিয়াজ।
মালদ্বীপের অন্যতম সেরা ক্লাব ঈগলস। ৩৪ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি মালদ্বীপ লিগে দুইবারের রানার্সআপ। ২০২১ সালে এএফসি কাপে অভিষেক। তবে প্লে অফ বাধা পেরোতে পারেনি। ভারতের বেঙ্গালুরুর কাছে হেরে গ্রুপ পর্বে খেলার স্বপ্ন ধূলিস্মাৎ হয়।
এবার ঈগলস কোমর বেঁধে সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে আসছে। মালদ্বীপ জাতীয় দল বাংলাদেশের কাছে হেরেছে। তাতে কী! ক্লাব পর্যায়ে ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছেন মোহাম্মদ শিয়াজ। মালে থেকে হোয়াটসআপ বার্তায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার মনে হয় সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে মালদ্বীপ হেরেছে, সেই ফলের প্রভাব এএফসি কাপে পড়বে না। কেন না ক্লাব লেভেলের খেলা একদম অন্যরকম হয়ে থাকে। বরং ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।’