

ডেস্ক নিউজ, ঢাকা: দীর্ঘ প্রতিক্ষীত একটি বড় বিনিয়োগ চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীন। আশা করা হচ্ছে এই সপ্তাহেই চুক্তিটি চূড়ান্ত হবে। এর মাধ্যমে চীনা বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ পাবে ইউরোপীয় প্রতিষ্ঠান এবং উন্নত হবে প্রতিযোগিতার শর্ত। ইউরোপের কর্মকর্তারা মনে করছেন, চীন-মার্কিন বাণিজ্যিক উত্তেজনার বৃদ্ধি বেইজিংয়ের অবস্থান বদলে ভূমিকা রেখেছে। বিনিয়োগ চুক্তি স্বাক্ষরে ২০১৪ সালে আলোচনা শুরু করে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু বেশ কিছু ইস্যুতে তা কয়েক বছর ধরেই স্থগিত হয়ে পড়ে। তবে গত ২৪ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার পর চীনের সঙ্গে বিনিয়োগ চুক্তির আলোচনার অগ্রগতির কথাও জানা যাচ্ছে।