ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভেটেরান্স ডে বা প্রাক্তন  সৈনিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন। এদিকে অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত আচরণের জন্য প্রকাশ্যেই তিরস্কারের মুখে পড়েছেন তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটনের উপকণ্ঠে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ মার্কিন যোদ্ধাদের সাহস ও দক্ষতা সত্যিই অবিশ্বাস্য।’ তিনি আরও বলেন, ‘এই সংঘাতের অবসান হলে, আর তা শিগগিরই হবে, গোটা বিশ্ব আরও নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ জায়গায় পরিণত হবে। এমন বিপদের আশঙ্কাও থাকবে না, যার মুখে আমাদের পড়তে হয়েছে।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েকশ সেনা আহত হয়েছেন। বুধবারের ভাষণে ট্রাম্প বলেন, এ যুদ্ধ ওয়াশিংটন শুরু করেনি, বরং তেহরানই এর সূচনা করেছে। তার দাবি, ইরান ১৯৭৯ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করতেই মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে।

Manual3 Ad Code

৮০ বছর বয়সী ট্রাম্প সমাধিক্ষেত্রের ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধে নিহত ও নিখোঁজ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয় এই সমাধি। সেনাসদস্য, সাবেক সেনা এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে দেওয়া ভাষণে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, হেগসেথ ‘অসাধারণ কাজ করেছেন’। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ আটকে দেন। একজন বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা এ উদ্যোগ নিয়েছিলেন। তার অভিযোগ ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা এবং পেন্টাগনপ্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন হেগসেথ। তবে বুধবারের অনুষ্ঠানেই নতুন করে বিতর্কে জড়ান হেগসেথ। অজ্ঞাতনামা সৈনিকের সমাধির পাহারায় নিয়োজিত এক সেনাসদস্য তাকে, তার স্ত্রীকে এবং কয়েকজন সহযোগীকে প্রকাশ্যে তিরস্কার করেন। পবিত্র সমাধির সামনে ছবি তোলার পর তাদের কয়েকজনকে হাসতে দেখা গেলে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

দলটি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় ওই সেনাসদস্য তার টহল থামিয়ে তাঁদের দিকে মুখ করে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’ এ সময় হেগসেথ ঘুরে ওই প্রহরীর দিকে তাকান। ভাষণে ট্রাম্প আর্লিংটন সমাধিক্ষেত্রের ঠিক বাইরে ২৫০ ফুট উঁচু একটি বিজয়-তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, শিগগিরই এটি নির্মাণ করা হবে। তবে মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা এ তোরণ নির্মাণ বন্ধে আদালতের দ্বারস্থ হন। তাদের যুক্তি, বিশাল এই স্থাপনা আর্লিংটন সমাধিক্ষেত্রে সমাহিত নিহত প্রেসিডেন্ট ও কেনেডি পরিবারের অন্য সদস্যদের কবরের দৃশ্য আড়াল করবে এবং সেখানে ছায়া ফেলবে। এ প্রকল্পের বিরুদ্ধে একদল সাবেক সেনাসদস্য, ওয়াশিংটন নগর কর্তৃপক্ষ এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যও মামলা করেছে। গত ১১ নভেম্বর, বুধবার ‘ভেটেরানস ডে’ বা প্রাক্তন  সৈনিক দিবস পালিত হয় এটি ছিল ২৫০তম বছরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাথে একই সময়ে উদযাপিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code