

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কুড়ি ওভারের ক্রিকেটে আফগানিস্তান এমনিতেই শক্ত প্রতিপক্ষ। তার মধ্যে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ায় আত্মবিশ্বাসে টইটম্বুর আফগানরা। মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানদের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েই এশিয়া কাপ শুরু করতে হচ্ছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর অধীনে আরব আমিরাতের ৫টি ম্যাচের সবগুলোতে হেরেছে বাংলাদেশ। তাই সাকিবের নেতৃত্বে আসার পরেও প্রশ্ন থেকে যাচ্ছে- মরুর বুকে ফুল ফোটাতে পারবে তো বাংলাদেশ? নাকি অপেক্ষা আরও দীর্ঘতর হবে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় দুই দলের লড়াই শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।
এমনিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। আগের ৮ দেখায় মাত্র ৩ বার জিততে পেরেছে। কুড়ি ওভারের ক্রিকেটে কোনওভাবেই যে যেন আফগান জুজু কাটানোর উপায় তাদের জানা নেই। রশিদ-মুজিব জুটি যেন বাংলাদেশের কাছে আতঙ্কের নাম হয়ে আছেন। তার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। সবমিলিয়ে খারাপ সময়টা কাটিয়ে উঠতে সব রকম চেষ্টাই বাংলাদেশ করে যাচ্ছে।