মাঠে ফেরার ‘গ্রিন সিগন্যাল’ পেলেন রোনালদিনহো

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ minutes ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে প্রথম ম্যাচ খেলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। এবার তাকে আরও ম্যাচে খেলানোর আগ্রহ দেখিয়েছেন ক্লাবটির কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি। রোনালদিনহোর জন্য ক্লাবের দরজা পুরোপুরি খোলা বলে জানিয়েছেন তিনি। গত রোববার ফরলির বিপক্ষে লিগের ডার্বিতে রাভেন্নার জার্সিতে প্রথম একাদশে ছিলেন রোনালদিনহো। ম্যাচটি ২-০ গোলে জেতে রাভেন্না। ২০১৫ সালের পর কোনো পেশাদার ম্যাচ না খেলা রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে ক্লাব ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। ম্যাচ শেষে রোনালদিনহোকে আরও খেলানোর সম্ভাবনা নিয়ে কোচ মান্দোরলিনি বলেন, ‘সে আমাকে বলেছে, আবার খেলতে তার সত্যিই ভালো লাগবে। সতীর্থদের সঙ্গেও দারুণ সময় কাটিয়েছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমার দিক থেকে আমি পুরোপুরি রাজি। তার মতো একজন চ্যাম্পিয়নের জন্য দরজা শুধু খোলাই নয়, পুরোপুরি খোলা।’ ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ২০১৫ সালের পর পেশাদার ফুটবল খেলেননি। ক্যারিয়ারে করেছেন ২৯৯ গোল। ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা রোনালদিনহো জুনে রাভেন্নার সঙ্গে চুক্তি করেন। পাশাপাশি ক্লাবটির মালিকানার অংশীদারও হয়েছেন তিনি। ক্লাবের সঙ্গে রোনালদিনহোর সম্পৃক্ততা মাঠের বাইরেও বেশ প্রভাব ফেলেছে। তাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ বলেন, ‘আমড়া বিশ্বমানের প্রতিভার কথা বলছি। তবে সে অসাধারণ একজন মানুষও। কেউ সেলফি কিংবা অটোগ্রাফ চাইলে কখনোই ফিরিয়ে দেয় না।’ রোনালদিনহোর পরিচিত হাসি নিয়ে ক্লাবে আসা এবং সতীর্থ, তরুণ খেলোয়াড় ও তাদের পরিবারের সঙ্গে সহজে মিশে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন মান্দোরলিনি। তার মতে, বিপণনের দিক থেকে এটি অসাধারণ সাফল্য হলেও কোচ হিসেবে মাঠের পারফরম্যান্সই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডার্বি জয়ে রোনালদিনহো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি। নিজেও ভবিষ্যতে আবার মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন রোনালদিনহো। ম্যাচের প্রথমার্ধ খেলার পর তিনি বলেন, ‘এটাই কি আমার শেষ ম্যাচ? জানি না। সভাপতি যদি আমাকে ডাকতে থাকেন, আমি ফিরে আসব। এখানে আসা সব সময়ই আনন্দের। আমি সভাপতিকে বলেছি, তার প্রয়োজন হলে আমি এখানে থাকব।’ ফুটবলকে জীবনের সবচেয়ে সুন্দর বিষয় আখ্যা দিয়ে রোনালদিনহো আরও বলেন, ‘এখানে থাকা, মাঠে খেলা এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতির সেই আবহ-সবকিছুই দারুণ ছিল। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’ ইতালির তৃতীয় বিভাগের (সেরি সি) পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছে রাভেন্না। রোনালদিনহোর প্রত্যাবর্তন দলটির মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের আকর্ষণও বাড়িয়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code