‘মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এমনিতেই দেশের সবচেয়ে বড়ো তারকাদের একজন তিনি। কিন্তু খেলা না থাকার এই সময়ে অন্য রূপে আবির্ভূত হয়েছেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে চালাচ্ছেন তারকা ক্রিকেটারদের নিয়ে লাইভ টক শো। বাংলাদেশের মাশরাফি, রিয়াদ, মুশফিক, তাসকিন, রুবেল, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার থেকে শুরু করে ফাফ ডু প্লেসি, রোহিত শর্মার মতো আন্তর্জাতিক তারকাও আসছেন এই অনুষ্ঠানে। নিজের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ও পেছনের কথা বলেছেন তামিম নিজে। একান্ত সাক্ষাত্কার নিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়

Manual6 Ad Code

এই অনুষ্ঠানটা কেন করছেন? দেখুন, এখন দেশের বিরাট অংশের মানুষ বাড়িতে আটকে আছেন। অনেকে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে বসে চিকিত্সা নিচ্ছেন। আমার মনে হলো, এই মানুষগুলোর তো বিনোদনের উত্স একেবারেই কমে গেছে। এদের মুখে যদি একটু হাসি ফোটানো যায়, সেটা বড়ো কাজ হবে। এই চিন্তা থেকে এটা শুরু করলাম। একটা ঘণ্টাও যদি মানুষ এটা উপভোগ করে, সেটাই আমার উদ্দেশ্য ছিল।

সেই উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে বলে মনে হয়? মানুষের খুব সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত মনে হচ্ছে, আমি যে জন্য এটা করেছি, সেটা সফল। মানুষ আনন্দ পাচ্ছে। একাকীত্বের সময়টাতে একটু হলেও উপভোগ করতে পারছে। আপনারা জানেন, আমি কখনোই সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ ছিলাম না। এবার শুধু সময়ের কারণে এটা করলাম।

Manual2 Ad Code

আপনি তো চাইলে এটাকে বাণিজ্যিক কোনো প্লাটফর্মে করতে পারতেন…হ্যাঁ, সেরকম অনেক প্রস্তাবও এসেছে। ইনফ্যাক্ট, এখনো অনেকে স্পন্সর করতে চাচ্ছেন বা এটাকে অন্যরকম রূপ দিতে চাচ্ছেন। কিন্তু আমি চেয়েছি সাধারণ মানুষকে আনন্দ দিতে। এ থেকে কোনো আয় করা আমার উদ্দেশ্য ছিল না। তাই যেমন আছে, সেভাবেই চলছে অনুষ্ঠানটা।

অনুষ্ঠানগুলোর জন্য প্রস্তুতি নেওয়া লাগে? কিছুটা তো লাগেই। লাইভ অনুষ্ঠান। হঠাৎ আটকে গেলে ভালো লাগবে না। তাই কিছু হোমওয়ার্ক করি। অন্তত ১০-১৫টা প্রশ্ন ঠিক করে রাখি। সেগুলোর সঙ্গে আর যা আলোচনায় চলে আসে, সেটা আলোচনা করি। সব ঠিক করে রাখা প্রশ্ন অনেক সময় করাও হয় না।

ঠিক কোন ব্যাপারটাতে আলোচনায় গুরুত্ব দেন? আমি ভারী ভারী বিষয় নিয়ে কথা বলি কম। আমি আসলে ওদের কাছ থেকে নিজে যা জানতে চাই, সেটাই জিজ্ঞেস করি। চেষ্টা করি, এমন কিছু আলাপ করার, যেটা আগে মানুষ জানতো না। আমরা ড্রেসিংরুমে অনেক কিছু নিয়েই গল্প করি। সেগুলো অনেকে জানে না। এরকম সব বিষয় আলাপে আনতে চাই।

বলা হচ্ছে, আপনি সাংবাদিকদের কাজটা কঠিন করে দিয়েছেন… (হাসি) না, না। এটাকে সাংবাদিকতার সঙ্গে মেলানো ঠিক হবে না। সাংবাদিকরা হলেন তাদের কাজে প্রফেশনাল। তারা তাদের কাজটা আমার চেয়ে অনেক ভালো বোঝেন ও করেন। আমি শখের বসে এটা করলাম।

Manual6 Ad Code

দেশ বিদেশের অনেক তারকার সঙ্গে শো করলেন, কোন পর্বটা নিজে সবচেয়ে উপভোগ করেছেন? আমাদের তিন সাবেক অধিনায়ককে নিয়ে যে এপিসোডটা করেছি, ওটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তাদের সম্পর্কে আমার নিজেরই খুব ভালো জানা ছিল না। গল্প করে অনেক কিছু জেনেছি।

Manual5 Ad Code

কতদিন চলবে এই অনুষ্ঠান? আগামী শুক্রবার (২২ মে) শেষ করে দেব।

এর মধ্যে ডু প্লেসি বা রোহিতের মতো আরো বড়ো তারকা দেখা যাবে? আশা করি, দেখা যাবে। কিছু সারপ্রাইজ থাক।

আপনার নতুন একটা স্কিল সামনে এলো। খেলা ছাড়ার পর কী তাহলে উপস্থাপনা বা ধারাভাষ্যে দেখা যেতে পারে? এখনই তো এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে যতগুলো সম্ভব সম্ভাবনা তৈরি থাকা ভালো। এটাও একটা সম্ভাবনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code