

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৩২৩টি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ৫৮৬ শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দফতরের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রসিকিউটর জেনারেলের দফতর জানিয়েছে, রবিবার ইউক্রেনের পূর্ব ডোনেস্ক অঞ্চলের ঝেলেজনোয়ে গ্রামে গোলাগুলিতে আট বছরের এক কন্যাশিশু আহত হয়েছে। একইদিন খারকিভ অঞ্চলে শার্পনেলের আঘাতে ১৩ ও ১৪ বছরের দুই শিশু আহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের দেওয়া এসব তথ্য তাদের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।