

বিশেষ প্রতিবেদন: জাহানারা কাঞ্চন, ঢালিউডের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। সাদামাটা জীবনের এই নারী ১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার মৃত্যু দেশে নিরাপদ সড়কের আন্দোলনের পটভূমি তৈরি করে, যার পরিক্রমায় ইলিয়াস কাঞ্চন গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। সংগঠনটি নিরাপদ সড়কের দাবি বা আন্দোলনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সূত্রে জানা যায়, জাহানারা কাঞ্চন ১৯৬৪ সালের ৩ মার্চ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাফিজ ও মা নুরবানুর ৫ ছেলে ও ৭ মেয়ের মধ্যে অষ্টম ছিলেন তিনি। ঢাকা সেন্ট্রাল গার্লস স্কুল থেকে ১৯৮০ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন। তার আগেই ১৯৭৯ সালে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিয়ে হয় তার। দুই বছর নিজেদের জানাশোনার পর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।
বলা হয়ে থাকে, ইলিয়াস কাঞ্চনের বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্তরালে শক্তিশালী ভূমিকা ছিল জাহানারা কাঞ্চনের। ১৯৮৮ সালে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চন গুরুতর আহত হলে তার পা কেটে ফেলতে বলেছিলেন চিকিৎসক। জাহানারা কাঞ্চনের বাধার মুখে পরে সিঙ্গাপুরে পাঠানো হয় নায়ককে। দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন কাঞ্চন।
ওই দুর্ঘটনা কাঞ্চন দম্পতির মনে দাগ কাটলেও ১৯৯৩ সালের ২২ অক্টোবর আরেক সড়ক দুর্ঘটনা সবকিছুকে ওলটপালট করে দেয়। স্বামীকে চমকে দিতে তার শুটিং স্পট বান্দরবানে যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাহানারা কাঞ্চন। তার এভাবে অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি ইলিয়াস কাঞ্চন। ফলে যে দুর্ঘটনা স্ত্রীকে কেড়ে নিলো, সেটিকে কেন্দ্র করে নিরাপদ সড়কে আন্দোলনে নেমে পড়েন তিনি।