

ডেস্ক রিপোর্ট:
বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে আসছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কয়েক দফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও তা দিতে পারেননি। এতে করে ক্রিকেটাররাও হয়ে গেছেন বিক্ষুব্ধ। রবিবার তো ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করে মানানো গেলেও বিদেশি ক্রিকেটাররা বেঁকে বসেছেন। তাতে করে বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে। তাদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তাদের নব নির্বাচিত মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।
রবিবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মিঠু বলেছেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই।’
এমন অপেশাদারমূলক আচরণ রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মিঠু, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’