রাজস্ব আহরণে ছন্দপতন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে রাজস্ব আয়ে উল্লম্ফন হলেও তৃতীয় মাস সেপ্টেম্বরে ছন্দপতন ঘটেছে। অর্থাৎ সার্বিকভাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণের গতি কমে গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৭৫ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ।
যদিও চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে রাজস্ব আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পায়।
আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমদানি কমে আসায় রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর-ভ্যাট আহরণে তার প্রভাব পড়েছে। ফলে সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণে ছন্দপতন ঘটেছে।
মূলত বিলাসী পণ্যের আমদানি নিরুৎসাহিত করার পর থেকেই রাজস্ব আয় কমতে শুরু করেছে। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ কেনাকাটা কমিয়েছে। ফলে রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত ভ্যাট থেকে উল্লেখযোগ্য আয় আসেনি। বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। গত আগস্টে সেটি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code