

ইন্টারন্যাশনাল ডেস্ক: রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২২ জুলাই) গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি প্রত্যাখ্যান করে দেন আদালত। এতে আপাতত বিচারকাজ চলতে আর বাধা থাকলো না। রায়ের ফলে মামলার পূর্ণ শুনানির পথ আরও প্রশস্ত হলো। মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার বিষয়টি বিশ্বদরবারে উন্মোচিত হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের দ্য হেগের এই আদালতে মিয়ানমারের আপত্তির বিষয়ে যুক্তিতর্ক শুনানি হয়। পাল্টাপাল্টি যুক্তিতর্ক শোনেন আদালত। নেদারল্যান্ডসের স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আইসিজে সভাপতি বিচারক জোয়ান ই দোনোঘুই রায়টি সংক্ষিপ্তভাবে পড়ে শোনান।