

লন্ডন অফিস: ইউরোপীয় নেতারা বলেছেন, ইউক্রেনকে সহায়তা বাড়ানো এবং রাশিয়ার ওপর চাপ তৈরির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর জন্য সংকটপূর্ণ মুহূর্ত এখন। লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আলোচনা হয় শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণ নিয়ে, যা গত সপ্তাহে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তারা যৌথভাবে তৈরি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউরোপীয় নেতারা জানান, ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা অর্জনে আরও কাজ বাকি আছে— যখন যুক্তরাষ্ট্র দ্রুত রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে কিয়েভকে চাপ দিচ্ছে। জেলেনস্কি পরে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ব্রাসেলসের উদ্দেশে রওনা হন। বলেন, ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সংশোধিত পরিকল্পনাটি উপস্থাপন করবে। গত সপ্তাহে ফ্লোরিডায় তিন দিন ধরে ইউক্রেনীয় দলটি মার্কিন আলোচকদের সঙ্গে বসে মার্কিন-সমর্থিত এক শান্তি প্রস্তাবের পরিবর্তন চাইছিল, যেটিকে অনেকেই রাশিয়ার পক্ষে সুবিধাজনক বলে মনে করছেন।