সব মিষ্টিই অস্বাস্থ্যকর নয়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনেকেই মনে করি, মিষ্টি খাবার মানেই অস্বাস্থ্যকর। কিন্তু সবসময় বিষয়টি এমন নয়। ডেজার্টে কী ধরনের উপকরণ ব্যবহার করা হচ্ছে, তার ওপরই অনেকটা নির্ভর করে খাবারটি শরীরের জন্য কতটা ভালো বা ক্ষতিকর হবে। অতিরিক্ত চিনি, ক্রিমের বদলে ফল, দই, বাদাম, খেজুর কিংবা আঁশসমৃদ্ধ খাবার ব্যবহার করলে ডেজার্টও হতে পারে তুলনামূলক স্বাস্থ্যকর। তাই মিষ্টি পুরোপুরি বাদ না দিয়ে উপকরণ বাছাইয়ে একটু সচেতন হওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ। আমাদের হজমশক্তি ও সামগ্রিক সুস্থতার সঙ্গে অন্ত্রের স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে আঁশ, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার ভূমিকা রাখতে পারে। তাই মিষ্টির স্বাদ নেওয়ার পাশাপাশি অন্ত্রের যত্ন নিতে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন কয়েক ধরনের সহজ ডেজার্ট-

Manual7 Ad Code

খেজুর ও বাদামের মিশ্রণ

চিনি ছাড়াই মিষ্টি স্বাদ পাওয়ার সহজ উপায় হতে পারে খেজুর। বিচি বাদ দেওয়া খেজুরের সঙ্গে কাঠবাদাম, কাজু কিংবা আখরোট মিশিয়ে ব্লেন্ড করে ছোট বলের মতো তৈরি করুন। খেজুরে থাকা আঁশ এবং বাদামের স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান এটিকে সাধারণ মিষ্টির তুলনায় ভালো বিকল্প করে তুলতে পারে। বিকেলের দিকে হালকা ক্ষুধা লাগলেও কয়েকটি খেজুর-বাদামের বল খেতে পারেন।

ফলের সঙ্গে ডার্ক চকলেট

চকলেট খাওয়ার ইচ্ছা হলে অতিরিক্ত চিনি দেওয়া মিল্ক চকলেটের পরিবর্তে অল্প ডার্ক চকলেট বেছে নিতে পারেন। এর সঙ্গে স্ট্রবেরি, আপেল কিংবা কমলা যোগ করলে তৈরি হবে সহজ ডেজার্ট। ডার্ক চকলেটে থাকা কোকো পলিফেনল এবং ফলে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট খাবারটিকে আরও পুষ্টিকর করে তুলতে পারে। স্ট্রবেরি না থাকলে পেয়ারা বা আপেল দিয়েও এটি খাওয়া যায়।

আপেল-দইয়ের মিষ্টি

একটি আপেল ছোট টুকরো করে তার সঙ্গে টক দই, সামান্য মধু এবং এক চিমটি দারুচিনি মিশিয়ে নিন। কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে সতেজ এই ডেজার্ট। আপেলের আঁশ এবং দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের জন্য সহায়ক হতে পারে। তবে মধু বা অন্য কোনো মিষ্টি উপাদান বেশি না দেওয়াই ভালো।

মিষ্টি আলুর ডেজার্ট

Manual7 Ad Code

মিষ্টি আলুতে রয়েছে আঁশ ও রেজিস্ট্যান্ট স্টার্চ। এগুলো অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার জন্য সহায়ক হতে পারে। তাই সিদ্ধ বা বেক করা মিষ্টি আলু দিয়েও তৈরি করতে পারেন মিষ্টি পদ। মিষ্টি আলু নরম করে তার সঙ্গে সামান্য দারুচিনি ও অল্প মধু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজ ডেজার্ট।

কিউই ও দই

কিউইয়ের টক-মিষ্টি স্বাদ দইয়ের সঙ্গে বেশ ভালো মানায়। কিউই কুচি করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। চাইলে সামান্য মধুও যোগ করা যায়। কিউইয়ে আঁশ রয়েছে। পাশাপাশি এতে অ্যাক্টিনিডিন নামের একটি এনজাইম পাওয়া যায়, যা হজম প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। কিউই না থাকলে পাকা পেঁপে বা পেয়ারা ব্যবহার করতে পারেন।

ফল-দইয়ের বাটি

কলা, পেঁপে, আপেল, পেয়ারা বা হাতে থাকা যেকোনো মৌসুমি ফল দিয়েই তৈরি করা যায় এই ডেজার্ট। ফল কেটে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য খেজুর কুচি, বাদাম বা চিয়া সিড যোগ করা যেতে পারে। ফল থেকে পাওয়া আঁশ এবং দইয়ের প্রোবায়োটিক মিলিয়ে এটি হতে পারে সহজ ও তুলনামূলক পুষ্টিকর মিষ্টি খাবার।

মিষ্টি খাবারে সচেতনতা

Manual6 Ad Code

খাবারে চিনি, সিরাপ, ক্রিম ও অতিরিক্ত প্রক্রিয়াজাত উপাদানের পরিমাণের দিকে নজর রাখা জরুরি। ঘরে ফল, দই, বাদাম ও খেজুর দিয়ে তৈরি খাবার তাই নিয়মিত মিষ্টি বা অতিরিক্ত চিনি দেওয়া ডেজার্টের তুলনায় ভালো বিকল্প হতে পারে।

Manual3 Ad Code

তবে দীর্ঘদিন হজমের সমস্যা, পেট ফাঁপা, ব্যথা বা অন্য কোনো উপসর্গ থাকলে খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code