

যুক্তরাষ্ট্র অফিস: ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সমর্থিত একটি একক বিলে ভেটো দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ এ কথা বলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউজের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট জানিয়েছে,‘কংগ্রেসের উভয় কক্ষকে এই রাজনৈতিক চক্রান্তকে প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছে প্রশাসন। একইসঙ্গে এর পরিবর্তে দ্রুত সর্বদলীয় জরুরি জাতীয় নিরাপত্তা-বিষয়ক সম্পূরক বরাদ্দ আইনটি প্রেসিডেন্টের কাছে পাঠানোর আহ্বান জানানো হচ্ছে।’ রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের আওতায় শুধু ইসরায়েলকে সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। তবে হোয়াইট হাউজ একই বিলে ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা প্রদানসহ দেশটির সীমান্ত নিরাপত্তায় নতুন তহবিল বরাদ্দের জন্য চাপ দিচ্ছে। রিপাবলিকান সমর্থিত স্বতন্ত্র ওই বিলটির সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই তহবিল সীমান্ত সুরক্ষার বিষয়ে কোনও ভূমিকা রাখছে না,পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনের জনগণকেও সাহায্য করছে না। এমনকি যুক্তরাষ্ট্রের উপাসনালয়, মসজিদ ও অরক্ষিত উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। এছাড়া, ফিলিস্তিনি বেসামরিক নাগরিক যাদের বেশির ভাগই নারী ও শিশু, তাদেরকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমন চক্রান্তের তীব্র বিরোধিতা করছে প্রশাসন।’