

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে কয়েকটি রাজ্যের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আলাস্কা, মেইন, মিশিগান, ওহাইও, টেক্সাস, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার ফলের দিকে নজর থাকবে সবার। এসব রাজ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। কোনো কোনো রাজ্যে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আবার কিছু রাজ্যে রিপাবলিকানদের অবস্থান এখনো শক্ত। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষের একটি সিনেট, অন্যটি হাউস অব রিপ্রেজেন্টেটিভস। সিনেটে মোট ১০০ জন সদস্য থাকেন। ৫০টি রাজ্য থেকে দুজন করে সিনেটর নির্বাচিত হন। তাদের মেয়াদ ছয় বছর। তবে প্রতি দুই বছর পরপর সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। অন্যদিকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনেই প্রতি দুই বছর পর ভোট হয়। প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাকে মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম ইলেকশন বলা হয়। এবার এ নির্বাচনে সিনেট ও হাউসের পাশাপাশি বিভিন্ন রাজ্যের গভর্নর পদেও ভোট হবে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি। ডেমোক্র্যাটদের সঙ্গে থাকা স্বতন্ত্র সদস্যসহ তাদের আসন ৪৭টি। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি আসন বাড়াতে হবে। তবে নিজেদের দখলে থাকা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোও ধরে রাখতে হবে দলটিকে। এ কারণেই কয়েকটি রাজ্যের নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আলাস্কা: সবচেয়ে আলোচিত লড়াই
সিনেটের নিয়ন্ত্রণের হিসাব-নিকাশে আলাস্কা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটি। এখানে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা লড়ছেন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে। আলাস্কা সাধারণত রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। ১৯৬৪ সালের পর থেকে রাজ্যটি প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেনি। তবে রাজ্য পর্যায়ের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের নজির রয়েছে। মেরি পেলটোলা ২০২২ সালে কংগ্রেসে নির্বাচিত প্রথম আলাস্কান নেটিভ। এবার জিতলে তিনি সিনেটেও প্রথম আদিবাসী নারী সদস্য হওয়ার সুযোগ পাবেন। মাছ ধরার শিল্প, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় এ নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়। আলাস্কার ব্যালটে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামের সঙ্গে একই নামের আরেক প্রার্থীর নামও রয়েছে। এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মেইন: ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা
মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের মুখোমুখি ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসন। ডেমোক্র্যাটদের আগের মনোনীত প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর প্রার্থিতা প্রত্যাহার করেন। অভিযোগটি তিনি অস্বীকার করেছিলেন। এরপর জুলাইয়ে ট্রয় জ্যাকসন দলীয় প্রার্থী হন। মেইন এমন একটি রাজ্য, যেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হয়েছিলেন। এ কারণে রাজ্যটিতে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘদিনের জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে কলিন্সও শক্ত প্রতিদ্বন্দ্বী।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ট্রাম্পের প্রতি অসন্তোষ ডেমোক্র্যাটদের জন্য সুযোগ তৈরি করেছে। তবে কলিন্সের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত জনপ্রিয়তাও তার পক্ষে কাজ করতে পারে।
মিশিগান: প্রথম মুসলিম সিনেটর পাওয়ার সম্ভাবনা
মিশিগানে সিনেটের আসনটি ফাঁকা হয়েছে গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। তাঁর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান মাইক রজার্স প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবদুল এল-সায়েদ চিকিৎসক ও ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য পরিচালক। জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে পারেন তিনি। তবে এল-সায়েদের পররাষ্ট্রনীতি ও ইসরায়েল-সংক্রান্ত অবস্থান নিয়ে রিপাবলিকানদের প্রচার চলছে। এ নিয়ে বিভিন্ন পক্ষের অর্থায়নে বিজ্ঞাপনও প্রচারিত হচ্ছে।
ওহাইও: পুরোনো আসন ফিরে পেতে চান ডেমোক্র্যাটরা
ওহাইওর সিনেটর ও রিপাবলিকান প্রার্থী জন হাস্টেডের বিরুদ্ধে লড়ছেন সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন। ২০২৪ সালে নির্বাচনে হেরে আসনটি হারিয়েছিলেন ব্রাউন। এবার তা ফিরে পেতে চান তিনি। জ্বালানি ও নিত্যপণ্যের দাম, কারখানা বন্ধ হওয়া এবং কর্মসংস্থান এ রাজ্যের ভোটে প্রভাব ফেলতে পারে।
টেক্সাস ও জর্জিয়া: ডেমোক্র্যাটদের বড় সুযোগ
টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জেমস তালারিকো। তিন দশকের বেশি সময় ধরে রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনে জয় পাননি। তবে সাম্প্রতিক জরিপে তালারিকোকে এগিয়ে থাকতে দেখা গেছে। প্যাক্সটনের বিরুদ্ধে দুর্নীতি ও ব্যক্তিগত কেলেঙ্কারির অভিযোগও নির্বাচনে আলোচনায় রয়েছে। জর্জিয়ায় ডেমোক্র্যাট সিনেটর জন অসফের লড়াই রিপাবলিকান মাইক কলিন্সের বিরুদ্ধে। অসফ বর্তমান ডেমোক্র্যাট সিনেটর এবং এবার নিজের আসন ধরে রাখার লড়াই করছেন। ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হওয়ায় আসনটি রিপাবলিকানদের কাছেও গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক জরিপে অসফ এগিয়ে রয়েছেন।জর্জিয়া সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের জন্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে। ফলে এ রাজ্যের ফলও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
নর্থ ক্যারোলাইনা ও আইওয়াও গুরুত্বপূর্ণ
নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের পক্ষে রয়েছেন রয় কুপার। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলি। তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান। রাজ্যটিতে রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত অবস্থান থাকলেও এবার লড়াইয়ের দিকে নজর রাখছেন বিশ্লেষকরা। আইওয়ায় রিপাবলিকান অ্যাশলি হিনসন ও ডেমোক্র্যাট জশ টুরেকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অবসর নেওয়া জোনি আর্নস্টের আসনটি ধরে রাখতে চাইছে রিপাবলিকানরা। এ ছাড়া নিউ হ্যাম্পশায়ার ও ক্যানসাসের নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট ক্রিস পাপাসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন সুনুনু। বর্তমান সিনেটর জিন শাহিন পুনর্নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আসনটি উন্মুক্ত হয়েছে। জন সুনুনু সাবেক সিনেটর; তিনি ২০০৮ সালে জিন শাহিনের কাছে হেরে গিয়েছিলেন। ক্যানসাসে রিপাবলিকান রজার মার্শালের মুখোমুখি ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন।
কোন দিকে যাচ্ছে নির্বাচন?
সামগ্রিকভাবে নির্বাচনের পাল্লা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছে বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রয়টার্স ও ইপসোসের এক জরিপে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন ৪৭ শতাংশ, রিপাবলিকানদের ৩৬ শতাংশ। অর্থাৎ ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে ডেমোক্র্যাটরা। তবে এই জরিপ সিনেটের রাজ্যভিত্তিক লড়াইয়ের ফল সরাসরি নির্দেশ করে না। ট্রাম্পের জনপ্রিয়তাও কমেছে। জীবনযাত্রার ব্যয়, জ্বালানি ও খাদ্যের দাম, ইরান যুদ্ধ এবং অভিবাসন নীতি নিয়ে জনগণের অসন্তোষ ভোটে প্রভাব ফেলতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাটদের জন্য সহজ হবে না। কারণ, তাদের নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের অন্তত চারটি আসনও জিততে হবে। অন্যদিকে রিপাবলিকানদের লক্ষ্য বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। ফলে হাউসের নির্বাচনে ডেমোক্র্যাটদের ভালো করার সম্ভাবনা থাকলেও সিনেটের লড়াই শেষ পর্যন্ত কয়েকটি রাজ্যের ফলের ওপর নির্ভর করতে পারে।