

ডেস্ক নিউজ: রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদহার দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে এ তহবিল থেকে ঋণ নিতে হলে রফতানিকারকদের গুনতে হবে সাড়ে ৪ শতাংশ সুদ। এতদিন এ সুদের হার ছিল ৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে রফতানি উন্নয়ন তহবিলের ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে অর্থ দেবে। আর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ নিতে হবে রফতানিকারকদের। এতদিন ইডিএফ থেকে ব্যাংকগুলো ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে রফতানিকারকদের কাছে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করতো।
২০২০ সালের ৭ এপ্রিল করোনাভাইরাস মহামারিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমবারের মতো ইডিএফ ঋণের সুদের হার ২ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশ ব্যাংক। তার আগে সুদের হার ছয় মাসের লন্ডন ইন্টার-ব্যাংক অফারড রেটের (লাইবর) সঙ্গে দেড় শতাংশ যুক্ত করে নির্ধারণ করা হতো।