

ডেস্ক রিপোর্ট: জেলার সীমান্তবর্তী এলাকায় দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও সোলার লাইট স্থাপন সহ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় বিজিবি’র হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ সীমান্ত পারাপার, মাদক, মানব পাচার, চোরাচালান রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিল এলাকায় অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। ফলে এলাকাগুলো এখন চব্বিশ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে এবং প্রয়োজনে তাৎক্ষনিক সীমান্ত এলাকায় অপরাধী সনাক্ত করা যাবে। এসব উদ্যোগের ফলে সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা জোরদার হয়েছে। ফলে চোরাচালান ও অবৈধ পারাপার কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে বিজিবি। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিজিবি’র নজরদারি সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।