

ডেস্ক নিউজ: ইনস্যুরটেকের অগ্রগতি এবং একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরির ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে এক বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) মধ্যে আজ সকালে রাজধানীর আইডিআরএ কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেসিস স্থায়ী কমিটি এই ইনস্যুরটেক কোম্পানিগুলোর জন্য একটি খসড়া নির্দেশিকা উপস্থাপন এবং ৬০ দিনের মধ্যে এই খসড়া নির্দেশিকা চূড়ান্ত করার প্রস্তাব করে।
বৈঠকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, আমাদের বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা সেকেলে। বিমা কোম্পানিগুলোর আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইনস্যুরটেক কোম্পানিগুলোর ভূমিকা ও সম্ভাবনা বিবেচনা করে ৬০ দিনের মধ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দেন।