

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নিজের মাসিক বেতনের টাকা দিয়ে অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি তার সাথে যোগাযোগ করা অসহায় ব্যক্তিদের দোড় গোড়ায় তিনি নিজেই পৌছে দিচ্ছেন এ সহায়তা।
সহযোগিতার মধ্যে রয়েছে পরিবার বুঝে ৫ থেকে ১০ কেজি করে চাল ও নগদ ১শ টাকা। গত মার্চ মাসের বেতনের টাকা দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেছেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে লকডাউনে রয়েছে গোয়ালন্দ উপজেলা। এতে আয়-রোজগার বন্ধ হয়ে চরম দুর্দশার মধ্যে রয়েছে অসংখ্য পরিবার। লকডাউন বাস্তবায়ন, ত্রাণ কার্যক্রম ও অন্যান্য প্রশাসনিক কাজ করতে গিয়ে খুব কাছ থেকে মানুষের দুর্দশা দেখছেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন। যে কারণে সরকারি সহযোগিতার পাশাপাশি তিনি নিজেও তার সামর্থ্যরে জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন জানান, করোনার বৈশ্বিক মহামারির প্রভাব আমাদের দেশেও পড়ছে। লকডাউনের কারণে কর্মহীন বহু মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে আমরা অসহায়দের পাশে দাড়াচ্ছি। কিন্তু সরকারি বরাদ্দের অনুপাতে এখনো পর্যন্ত অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। যে কারণে বিবেকের তাড়নায় আমি বেতনের টাকা দিয়ে এ সকল কিছু মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। মার্চ মাসের বেতনের টাকা দিয়ে আড়াই টন চাল কিনেছি। পরিবার বুঝে ৫ থেকে ১০ কেজি করে চাল ও নগদ ১শ টাকা করে দিচ্ছি। একটি পরিবার এই চাল দিয়ে যদি দুই বেলা পেট ভরে খেতে পারে তাতেই আমার শান্তি।