

সাঘাটায় ব্রি-ধান ৮৪ জাত বাম্পার
ফলনে কৃষকদের আগ্রহ বাড়ছে
সাঘাটা (গাইবান্ধা) ঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো ধানের নতুন জাত ব্রি-ধান ৮৪ চাষে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শোভা পাচ্ছে ধানের ক্ষেত। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।
উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও কৃষকের সাথে কথা বলে জানাগেছে, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটের আশংকা করেছেন অনেক কৃষকই।
কৈচড়া গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু যে পরিমাণ খরচ হয়েছে সে হিসেবে বাজারে দাম ভালো পেলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখা যাবে। ওই কৃষক আরও বলেন, নতুন জাতের ব্রি-ধান ৮৪ রোপন করে ফলন ভালো হয়েছে। আমার মতো অনেকেই উদ্বুদ্ধ হয়ে এ নতুন জাতের ধান জমিতে রোপন করে ভালো ফলন পেয়েছে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, আমার ব্লকের কৃষকদের উদ্বুদ্ধ করে নতুন জাতের ব্রি-ধান ৮৪ রোপন করানো হয়েছে। তারা এ জাতের ধান রোপন করে ভালো ফলন পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, উপজেলায় এবার ১৩ হাজার ৯শ’ ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। বিশেষ করে জিংক সমৃদ্ধ নতুন জাত ব্রি-ধান ৮৪ রোপন করে অনেকেই ফলন ভালো পেয়েছে। এছাড়াও উফশী জাতের ব্রি-২৮, ২৯, ৫৮, ৮৪ ও ৮১ জাতের ধান চাষেও ভালো ফলন হয়েছে। সব মিলিয়ে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।